অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
খুলনায় সিআইডির অভিযানে গ্রেপ্তার চারজন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৭:৫৬:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৭:৫৬:৪৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
ছবি সংগৃহিত
অনলাইন বেটিং পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার রাতে খুলনার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ সাকির আহম্মেদ ও মিয়ানুল ইসলাম অয়ন। শুক্রবার সিআইডি সদরদপ্তরের বিশেষ পুলিশ সুপার মিডিয়া মো. ছুফি উল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেলের নিয়মিত নজরদারিতে দেশে ও বিদেশে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন বেটিং ও জুয়া কার্যক্রমের তথ্য পাওয়া যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে এতে যুক্ত করা হতো।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব সাইটে অংশ নিতে ব্যবহারকারীদের প্রথমে টপ আপ বা ডিপোজিট করতে হতো। এ জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হতো। অর্থ জমা হওয়ার পর সংশ্লিষ্ট বেটিং অ্যাকাউন্টে সমপরিমাণ ই মানি বা বেট মানি যুক্ত করা হতো।
তদন্তে সিআইডি জানতে পারে, অবৈধ লেনদেনে ব্যবহৃত এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব নিয়মিত পরিবর্তন করা হতো। দেশের বিভিন্ন এলাকার এজেন্টদের কাছ থেকে এসব নম্বর ও হিসাব সংগ্রহ করে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে পাঠানো হতো।
সিআইডির তথ্য অনুযায়ী, এসব হিসাবে জমা হওয়া অর্থ থেকে এজেন্টরা কমিশন রেখে বাকি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করত। পরে বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় সাইবার মনিটরিং সেলে পাওয়া তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের পর পল্টন থানায় মামলা করে সিআইডি। মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর বিভিন্ন ধারায় করা হয়েছে।
মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের অবস্থান শনাক্তের পর ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে খুলনার খানজাহান আলী ও খালিশপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর