মাদকসংক্রান্ত অপরাধের বিচার কার্যক্রম দ্রুত করতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪৪ক ধারায় দেওয়া ক্ষমতাবলে নতুন ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ার ও সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা এলাকার জন্য একটি এবং ঢাকা মহানগরের থানাগুলোর জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল থাকবে। ঢাকা মহানগর ১ এর আওতায় পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা ও শাহবাগ থানা রাখা হয়েছে। ঢাকা মহানগর ২ এর আওতায় রয়েছে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর। ঢাকা মহানগর ৩ এর অধীনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা রয়েছে। ঢাকা মহানগর ৪ এর আওতায় উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা রাখা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রাম জেলায় একটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মাদকপ্রবণ সীমান্ত এলাকা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে। কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে ট্রাইব্যুনাল থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নতুন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। যে পর্যায়ে কোনো মামলা স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে মামলার বিচার কার্যক্রম চলবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও মহানগরে নতুন ট্রাইব্যুনাল
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৭:৪৬:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৭:৪৭:৪৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর