পটুয়াখালীতে টানা তিন দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে শহর থেকে গ্রামাঞ্চলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গলাচিপার অটোরিকশাচালক শাহাবুদ্দিন মিয়া বলেন, গত এক সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হলেও গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরে বের হলেও বাজারে মানুষের আনাগোনা কম থাকায় আয় অনেকটাই কমেছে।
আমখোলা ইউনিয়নের কৃষক ফোরকান মিয়া জানান, টানা বৃষ্টিতে এলাকার আমন খেত পানির নিচে তলিয়ে গেছে। এখন বীজ রোপণের সময় হওয়ায় বৃষ্টি ও পানি না কমলে কৃষকদের সমস্যায় পড়তে হবে। একই সঙ্গে সবজিখেতেও পচন ধরার আশঙ্কা রয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এই বৃষ্টি আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।