সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ২ নাবিক
হরমুজ প্রণালিতে সৌদি মালিকানাধীন তেলবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। নিহত দুই নাবিকই ফিলিপাইনের নাগরিক।
- আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১০:৫৩:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১০:৫৩:৩১ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫৬ বার পঠিত
ছবি—সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী সুপার ট্যাংকারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতের ওই ঘটনায় জাহাজটিতে থাকা ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন।
সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান বাহরি বুধবার এক বিবৃতিতে জানায়, তাদের সিদর নামের জাহাজটি সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে একটি নিরাপত্তাজনিত ঘটনায় জড়িয়ে পড়ে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ওই সময় জাহাজটি ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে অবস্থান করছিল এবং কয়েকটি অজ্ঞাত বস্তু এতে আঘাত হানে।
একই সময়ে মুসানদামের পূর্বাঞ্চলে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন সেনেগাল প্রসপারিটি নামের আরেকটি তেলবাহী সুপার ট্যাংকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সৌদি আরবের অভিযোগের বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তেহরান এর আগে দাবি করেছিল, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। ইরানের দাবি ছিল, জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলাচল করছিল।
সৌদি তেলবাহী জাহাজে দুই নাবিক নিহত হওয়ার ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা অব্যাহত রেখেছে।
ঘটনার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা কমানো, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।