রয়টার্সের প্রতিবেদনে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা ইউকেএমটিওর বরাত দিয়ে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার পথে সৌদি তেল ট্যাংকারটিতে তিনটি অজানা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
এর আগে, পূর্বানুমতি ছাড়া সংবেদনশীল ও সংকীর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টা করা তেল ট্যাংকারগুলোকে লক্ষ্য করে হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে বাহরি জানিয়েছে, জাহাজের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রেখে উদ্ভূত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, এর এক মাস আগেও হরমুজ প্রণালির কাছে ওমান উপকূল ঘেঁষে চলার সময় বাহরির ‘ওয়াদিয়ান’ নামের একটি সুপারট্যাংকার হামলার শিকার হয়েছিল। এছাড়া ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে প্রতিষ্ঠানটির ‘আমজান’ ও ‘মাসা’ নামের আরও দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে।