ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রবাসী কার্ডে বাড়বে স্মার্ট সেবা, উৎসাহ পাবে বৈধ রেমিট্যান্স

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বহুমুখী ডিজিটাল প্রবাসী কার্ড
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৮:৩২ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২০৭ বার পঠিত
প্রবাসী কার্ডে বাড়বে স্মার্ট সেবা, উৎসাহ পাবে বৈধ রেমিট্যান্স ছবি: সংগৃহীত
আগামী মাসে চালু হতে যাওয়া প্রবাসী কার্ডকে শুধু পরিচয়পত্র নয়, বরং সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক মানের ইএমভি চিপযুক্ত এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরকারি বিভিন্ন সেবা সহজে পাবেন এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বাড়বে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক কারিগরি ও বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করার কাজ করছে।
 
প্রতিবছর কয়েক লাখ বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের জন্য যান এবং তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তবে বিদেশে যাওয়া থেকে দেশে ফেরা পর্যন্ত বিভিন্ন ধাপে দালালের প্রতারণা, ব্যাংকিং জটিলতা এবং সরকারি সেবা গ্রহণে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বিমানবন্দর, আর্থিক লেনদেন এবং প্রাতিষ্ঠানিক সেবায় এসব সমস্যার মুখোমুখি হতে হয় অনেক প্রবাসীকে।
 
নতুন প্রবাসী কার্ড চালু হলে বিমানবন্দরে পৃথক ইমিগ্রেশন বুথ ব্যবহারের সুযোগ, দেশে ও বিদেশের বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ সুবিধা, মিট অ্যান্ড গ্রিট সেবা, সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা এবং বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড় পাওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।
 
সরকারের আরেকটি লক্ষ্য হলো বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে রেমিট্যান্স পাঠানো সহজ করা। বর্তমানে বিভিন্ন কারণে অনেক প্রবাসী অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠান। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান কালের কণ্ঠকে বলেন, সরকারি ব্যাংকগুলোর মধ্যে বর্তমানে জনতা ব্যাংক ডুয়েল কারেন্সি হিসাব পরিচালনার সুবিধা দিচ্ছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে নতুন সেবা কাঠামো তৈরি করা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে আরও বেশি রেমিট্যান্স আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
তিনি জানান, প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে জর্ডানে কর্মরত প্রায় ৫০ হাজার নারীকর্মীকে এই কার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদেরও ধাপে ধাপে এ কর্মসূচির আওতায় আনা হবে। কারা কীভাবে কার্ড পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে কার্ড ইস্যু করা হবে। এজন্য জনতা ব্যাংকে হিসাব, বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিএমইটির স্মার্ট কার্ড থাকতে হবে।
 
সৌদি আরবপ্রবাসী সাকিফ বলেন, দেশে যাতায়াতের সময় বিমানবন্দরে নানা ধরনের ভোগান্তির পাশাপাশি রেমিট্যান্স পাঠাতেও বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন কার্ডের মাধ্যমে এসব দুর্ভোগ কমবে। তবে আরও কয়েকজন প্রবাসী জানান, আগে বিএমইটির স্মার্ট কার্ড থেকে প্রত্যাশিত সুবিধা না পাওয়ায় নতুন উদ্যোগ নিয়েও তাঁদের মধ্যে কিছুটা সতর্কতা রয়েছে। তাঁদের মতে, ঘোষিত সুবিধাগুলো বাস্তবে নিশ্চিত হলেই এই কার্ড কার্যকর হবে।
 
অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, নতুন উদ্যোগ সফল করতে শুরু থেকেই ব্যবহারকারীদের মতামত গ্রহণ, প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা জরুরি। তাঁর মতে, বিদেশে যাওয়ার আগে, বিদেশে অবস্থানকালে এবং দেশে ফেরার পর পুরো অভিবাসন প্রক্রিয়াজুড়ে কার্ডটির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতাল, সরকারি দপ্তর, ঋণ ও তথ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক সুবিধা নিশ্চিত করা গেলে কার্ডটির বাস্তব মূল্য তৈরি হবে।
 
অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু কার্ড বিতরণ করলেই উদ্যোগ সফল হবে না। ঘোষিত সুবিধাগুলো বাস্তবে কার্যকর হচ্ছে কি না, সেবার মান বজায় থাকছে কি না এবং প্রবাসীরা সেগুলো ব্যবহার করতে পারছেন কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। তাঁদের মতে, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে প্রবাসী কার্ড প্রবাসীদের হয়রানি কমানোর পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি, সরকারি সেবা সহজ করা এবং তাঁদের সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।