চা বাগানে নারী পর্যটক ধর্ষণ মামলার পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৮ বার পঠিত
ছবি সংগৃহীত
হবিগঞ্জের সুরমা চা বাগানে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে আটক মো. নাসিরকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯–এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এবং র্যাব-৭–এর যৌথ অভিযানে চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার নাসির হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাকে মামলার তদন্তে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছিল। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ মার্চ বিকেলে এক তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে সুরমা চা বাগান এলাকায় বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে দুই ব্যক্তি তাদের ধাওয়া করলে সঙ্গী যুবক পালিয়ে যায়।
এরপর অভিযুক্তরা তরুণীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং পরে মারধর করে তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আরেক আসামিকে আটক করে। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।