মার্কিন অবরোধ না উঠলে হরমুজ প্রণালি ফের বন্ধের হুঁশিয়ারি ইরানের
- আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১২:১৩:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:১৩:৪৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭১ বার পঠিত
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন।
গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, অবরোধ চলমান থাকলে হরমুজ প্রণালি খোলা রাখা হবে না এবং এই জলপথে জাহাজ চলাচল সম্পূর্ণরূপে ইরানের অনুমোদনের উপর নির্ভরশীল হবে। একই সুরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, হরমুজ প্রণালি শুধুমাত্র শর্তসাপেক্ষে ও সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে এবং এটি বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির উপর নির্ভর করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক ইরানের ফার্স নিউজ এজেন্সিকে জানান, সামরিক জাহাজ এবং শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে এই প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও সতর্ক করেন, লেবাননসহ স্থলভাগের পরিস্থিতির অবনতি হলে এই গুরুত্বপূর্ণ জলপথ যেকোনো সময় আবার বন্ধ করা হতে পারে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ভবিষ্যতে আর কখনো বন্ধ না করতে সম্মত হয়েছে। তবে একই সঙ্গে তিনি ট্রুথ সোশ্যালে জানান, ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বজায় থাকবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইরানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ প্রণালি ব্যবহার করতে পারবে, তবে যুদ্ধজাহাজের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য নয়।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়, ফলে এই জলপথের নিরাপত্তা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার এই নতুন মাত্রা বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।