লেবাননে মেরকাভা ট্যাংকে হামলার দাবি হিজবুল্লাহর, দক্ষিণে স্থল অভিযান শুরু ইসরাইলের
- আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৫৬:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৫৬:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
লেবাননের অধিকৃত কাফারশোবা পাহাড় এলাকায় একটি ইসরাইলি মেরকাভা ট্যাংকে হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে সংগঠনটি। তবে এসব দাবির বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সামাকো সাইটে প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে একটি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করা হয়। পৃথক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইলি আগ্রাসনের জবাবে উপযুক্ত অস্ত্র ব্যবহারের মাধ্যমে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে দিনের শুরুতে উত্তর ইসরাইলে কয়েক ডজন রকেট এবং একাধিক ড্রোন হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের বসতিগুলোকে নিরাপদ রাখতে এবং সীমান্তে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ৯১তম ডিভিশন দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে বলে জানানো হয়। ইসরাইলের দাবি, এ অভিযানের লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ প্রতিরোধ করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও স্থল অভিযানের ঘোষণা লেবানন-ইসরাইল সীমান্তে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে, যা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।