বাংলাদেশে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছে চীন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই মন্তব্য করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
লিন জিয়ান বলেন, চীন লক্ষ্য করেছে যে বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, বেইজিং আশা করে এই নির্বাচন একটি নিরাপদ, স্থিতিশীল এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, চীন বিশ্বাস করে বাংলাদেশের সমাজের সব স্তরের মানুষ এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চীনের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সম্মান প্রদর্শনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
ডেস্ক রিপোর্ট