বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের কবরের পাশে দাফন
- আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১১:১৩:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১১:১৩:৪৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সময় সংবাদকে দেওয়া এক বক্তব্যে সালাহউদ্দিন আহমদ জানান, বুধবার বাদ জোহর রাজধানীর মানিকমিয়া এভেনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।