লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ : প্রাণ গেল আরও একজনের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৩:৫৮:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৩০:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার কলেজপড়ুয়া মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কলেজছাত্রীর নাম সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।
রাত আনুমানিক ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
সালমা আক্তার স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের বড় মেয়ে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন।
অভিযোগ অনুযায়ী, গত ১৯শে ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেনের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ পরিবারের সদস্যরা দগ্ধ হন। আহতদের মধ্যে সালমা আক্তার স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
ঘটনার পর বেলাল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।