রাজধানীর মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়ারলেস গেট সংলগ্ন ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের উৎস ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, সন্ধ্যা প্রায় ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত যুবকের বাড়ি খুলনায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ওই এলাকার একটি অফিসে কর্মরত ছিলেন।
হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণটি ককটেল নাকি অন্য কোনো বিস্ফোরক দিয়ে ঘটানো হয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক ফ্লাইওভারের নিচে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় ওপর দিক থেকে কিছু ছোড়া হলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট