ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভায় জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন দাবি করেছেন, মুক্তিযুদ্ধের সময়কার রাজাকারের তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ। তাঁর ভাষ্য অনুযায়ী, চতুর্থ স্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত ছিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেলাওয়ার হোসেন বলেন, “আমাদের দলকে রাজাকারের দল হিসেবে অভিযুক্ত করা হয়, অথচ পূর্ববর্তী সরকারের আমলে তৈরি করা তালিকায় আওয়ামী লীগই ছিল প্রথমে। এরপর বিএনপি, জাতীয় পার্টি এবং শেষে জামায়াত।”
তিনি আরও দাবি করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার মূল কারণ দুর্নীতি। তাঁর মতে, রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির কারণে দেশ এখনও প্রকৃত অর্থে মুক্তির স্বাদ পায়নি। জামায়াত ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ স্থানীয় নেতারা।
ডেস্ক রিপোর্ট