গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে আটকা থাকা অন্তত ৪০ হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজার দক্ষিণাঞ্চলে পরিচালিত সামরিক অভিযানের সময় ওই যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। বৃহস্পতিবার আইডিএফ এ তথ্য নিশ্চিত করে।
ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মতে, গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ২০০ হামাস সদস্য আটকা পড়ে আছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের মধ্যে অনেকেই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়ে নিহত বা গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ আত্মসমর্পণও করেছেন।
হামাস যোদ্ধারা অস্ত্র সমর্পণ করলে গাজার অন্যান্য এলাকায় যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলো—বিশেষ করে যুক্তরাষ্ট্র—একটি আলোচনার চেষ্টা করে। তবে আলোচনা ব্যর্থ হওয়ায় এখনও বহু যোদ্ধা ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মন্তব্য করেন, এই সম্ভাব্য চুক্তি পুরো গাজায় হামাসকে নিরস্ত্র করার বৃহত্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারত।
ইসরায়েলি বাহিনীর দাবি, নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার আছেন। এছাড়া হামাসের নির্বাসিত নেতা গাজি হামাদের ছেলেও নিহতদের মধ্যে রয়েছেন। হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, তবে সংগঠনটি এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
দক্ষিণ গাজার সুড়ঙ্গগুলোতে কতজন যোদ্ধা এখনও আটকা আছেন বা সংঘর্ষে কতজন নিহত হয়েছেন—এ বিষয়ে হামাস কোনো তথ্য প্রকাশ করেনি। গাজায় অবস্থানরত সংগঠনের এক মুখপাত্র ইসরায়েলের দাবি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট