জুলাই গণ-অভ্যুত্থান: ১০৬ মামলার চার্জশিট
- আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৩৩:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৩৩:২৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
কালের দিগন্ত
জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত ১০৬টি মামলার চার্জশিট এখন পর্যন্ত আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি।
পুলিশ সদর দফতর মঙ্গলবার (২ ডিসেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদে বলা হয়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলার মধ্যে বিষয়ভিত্তিক মামলাগুলো রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণাধীন।
অন্যদিকে ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অধীনে তদারকাধীন।
পুলিশ সদর দফতর জানায়, গণ-অভ্যুত্থান কালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিত তদারক করছেন। পাশাপাশি রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সচেষ্ট।
এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় ২,৮৩০ জনকে অব্যাহতি প্রদানের জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই দাখিল করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।