ভাঙ্গায় খেলাফত মজলিসের প্রার্থীর তোরনে আগুন: দোষীদের শাস্তির দাবি সমমনা জোটের
- আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
সংগৃহীত ছবি
ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের নির্বাচনী তোরনে আগুন লাগার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাতটার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় ঢাকা–খুলনা মহাসড়কের পাশে স্থাপন করা তোরনে এ আগুন দেখা যায়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমমনা আট দলীয় জোট দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছে।
পরে রাত নয়টার দিকে খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, দিনের প্রচারণা শেষে কার্যালয়ে ফেরার কিছুক্ষণ পর এক ভ্যানচালক আগুন লাগার খবর দেয়। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তোরনের দুই পাশে আগুনে ঝলসে গেছে প্রার্থী, দলীয় প্রধান ও রিকশা প্রতীকের ছবিসহ ব্যানারগুলো। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর আমির মুহাম্মদ এনায়েত হোসেন দাবি করেন, সাম্প্রতিক সময়ে পৌরসভার বিভিন্ন স্থানে তাদের বেশ কয়েকটি বিলবোর্ডও ছিঁড়ে ফেলা হয়েছে। ইসলামী আন্দোলনের উপজেলা সহসভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ভাঙ্গায় পূর্বের কোনো নির্বাচনে এমন বাধা দেখা যায়নি, কিন্তু এবার তোরন পোড়ানো ও বিলবোর্ড ভাঙচুরের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের ছয়টি বিলবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারটি তুলে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
খেলাফত মজলিসের উপজেলা মিডিয়া সম্পাদক মাওলানা শহীদুল ইসলামও এটিকে পরিকল্পিতভাবে প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা বলে উল্লেখ করেন। ঢাকায় অবস্থান করা প্রার্থী মাওলানা মিজানুর রহমান ভিডিও বার্তায় বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আনুষ্ঠানিক অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।