ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা ও দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন
- আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৫:৩৬:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৫:৩৮:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
ছবি সংগৃহীত
পুরান ঢাকায় ভূমিকম্পে ইটের রেলিং ভেঙে নিহত হওয়া লক্ষ্মীপুরের আবদুর রহিম (৫৫) ও তার ছেলে আবদুল আজিজ রিমন (১৩)-এর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার আস সুন্নাহ মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাবা-ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের সদস্য ও গ্রামের সাধারণ মানুষসহ শত শত ব্যক্তি জানাজায় অংশ নেন। ভোরে মরদেহ পৌঁছানোর পরপরই পরিবার ও আশপাশের মানুষ কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, আবদুর রহিম দীর্ঘদিন ধরে পুরান ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সদরঘাট এলাকায় তার ব্যবসা ছিল। শুক্রবার সকালে ছেলে রিমনকে সঙ্গে নিয়ে বাজারে বের হলে ভূমিকম্পে একটি ইটের রেলিং ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা গেছে এমন দুঃখজনক মৃত্যুর ঘটনায়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।