চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রোহিঙ্গাদের চাকরি দেওয়া বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নির্দেশনা জানান।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলার সব ইটভাটা, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে নিয়োগ বা বাসা ভাড়া দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, বর্তমানে ইটভাটাগুলোতে শ্রমিকের চাহিদা বেড়েছে। এই সুযোগে রোহিঙ্গাদের চাকরি বা আশ্রয় দেওয়ার প্রবণতা যাতে না বাড়ে, সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের ‘অসৎ উদ্দেশ্যে’ ব্যবহার করার আশঙ্কা রয়েছে। এ কারণেই আগে থেকেই নির্দেশনা ও সতর্কতা জারি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার