ইসরায়েল থেকে মুক্ত হয়ে দেশে শহিদুল আলম, ফিলিস্তিনের পক্ষে লড়াই চালানোর আহ্বান
- আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:১৬:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:১৭:৫০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি সংগৃহীত
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। দেশে ফিরে তিনি সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান।
শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, “গাজা এখনও মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। গাজাবাসীদের যে নির্যাতনের শিকার হতে হচ্ছে, তার তুলনায় আমাদের ভোগান্তি কিছুই নয়।”
এর আগে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্ক, মিশর ও জর্ডানে বাংলাদেশের দূতাবাসগুলো দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। প্রধান উপদেষ্টার দফতর থেকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়।
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, গত বুধবার ভোরে গাজা অভিমুখী ‘কনশানস’ জাহাজ থেকে শহিদুল আলমসহ সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তুরস্কের সহায়তায় তাদের মুক্ত করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।