ফুলবাড়ীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ
- আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৮:০২:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৮:০২:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দিনাজপুরগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ডভ্যান চালক, তার সহকারীসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভিমলপুর এলাকায় গুপ্তা প্লাইউড কারখানার সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যান ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ডভ্যানের চালক সজিব হোসেন (৪৫), তার সহকারী আরিফুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজিব ও আরিফুলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।