ব্যবহারকারীর হয়ে দরদাম করবে এআই!
ব্যবহারকারীর হয়ে পণ্যের দাম, বাড়িভাড়া ও চাকরির বেতন নিয়ে দরকষাকষি করতে পারে এআই এজেন্ট। এ প্রযুক্তির সম্ভাবনা ও আইনি সীমা নিয়ে কাজ করছে অ্যানথ্রোপিক।
- আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:৫২:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:৫২:০৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীর হয়ে পণ্যের দাম কমানো, বেতন বাড়ানো কিংবা গ্রাহকসেবার বিরোধ মেটাতে ভবিষ্যতে দরকষাকষি করতে পারবে ‘এআই এজেন্ট’। তবে এসব স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য সুষ্ঠু নীতিমালা তৈরি করতে এখন আইনজীবীদের পরামর্শ নিচ্ছে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইনজীবীরা কীভাবে নিজ মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি একটি ন্যায্য সমঝোতায় পৌঁছান, তা বুঝতে চাইছে অ্যানথ্রপিক। কারণ, মানুষের হয়ে চুক্তিতে অংশ নেওয়া এআই এজেন্টদের জন্য প্রয়োজনীয় নীতি ও আইনি কাঠামো এখনো তৈরি হয়নি। দরকষাকষির সময় এআইকে কত ঘন ঘন মানুষের নির্দেশনা নিতে হবে এবং ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ব্যবহারকারীর উদ্দেশ্য কীভাবে এআইয়ের কাছে স্পষ্ট করা যায়—সেসব বিষয় নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
তবে মানুষের সরাসরি অংশগ্রহণ ছাড়া এআইয়ের এই দরদামে বেশ কিছু ঝুঁকিও দেখছেন বিশেষজ্ঞরা। হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভ্যাকারো ১ লাখ ৮০ হাজারের বেশি এআই দরকষাকষির পরীক্ষা চালিয়েছেন। সেখানে দেখা যায়, এক পর্যায়ে একটি এআই এজেন্ট ‘প্রম্পট ইনজেকশন’ (বিভ্রান্তিকর নির্দেশনা) ব্যবহার করে অপর পক্ষের এআইয়ের কাছ থেকে গোপন তথ্য আদায়ের চেষ্টা করেছিল।
এছাড়া অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ পরীক্ষাতেও দেখা গেছে, এআইকে যেমন নির্দেশনা দেওয়া হয়, সেভাবেই সে কাজ করে। আপসহীনভাবে দরদামের নির্দেশ পেলে এআই শুধু নিজের স্বার্থ দেখে, আবার সহযোগিতাপ্রবণ নির্দেশ দিলে সে অন্যদেরও সুযোগ দিতে নিজের ক্ষতি মেনে নেয়। তাই এর ন্যায্যতা নিশ্চিত করা বড় একটি চ্যালেঞ্জ।
অধ্যাপক ভ্যাকারো মনে করেন, পেশাদার মধ্যস্থতাকারী নিয়োগের সামর্থ্য যাদের নেই, তারা এই প্রযুক্তির মাধ্যমে উপকৃত হতে পারেন। তবে উন্নত এআই যদি কেবল ধনীদের নাগালে থাকে, তাহলে সমাজে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার শঙ্কা রয়েছে।
এদিকে, আইনজীবীদের সঙ্গে আলোচনার এই খবর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যানথ্রপিক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।