সুরা দুহা থেকে মানুষের জন্য যে ৪টি শিক্ষা
হতাশ না হওয়া, আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা এবং অসহায় মানুষের প্রতি সদয় আচরণের শিক্ষা দেয় সুরা দুহা
- আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:২১:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:২১:৪১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি—সংগৃহীত
সুরা দুহায় আল্লাহ তাআলা তাঁর নবী মুহাম্মদ (সা.)-কে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।’ (সুরা দুহা, আয়াত: ৩)
আয়াতটি নবীজি (সা.)-কে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হলেও এর মধ্যে মুমিনদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। জীবনে দুঃসময় এলে হতাশ হয়ে পড়া উচিত নয়। পরিস্থিতি প্রতিকূল হলেও ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। মনে রাখতে হবে, কষ্টের সময়ই জীবনের শেষ কথা নয়।
সুরা দুহার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে তাঁর প্রতি করা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তাঁকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং অভাবমুক্ত করেছেন। (সুরা দুহা, আয়াত: ৬-৮)
এ আয়াতগুলো থেকে শিক্ষা পাওয়া যায়, জীবনের সংকটে শুধু বর্তমান দুর্দশার দিকে তাকিয়ে থাকলে চলবে না; অতীতে আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর কথাও স্মরণ করতে হবে। সুস্থতা, পরিবার, জীবিকা এবং বিপদ থেকে মুক্তি—সবই আল্লাহর অনুগ্রহ। এসব নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে প্রশান্তি আসে এবং আল্লাহর প্রতি নির্ভরতা আরও দৃঢ় হয়।
সুরা দুহায় আল্লাহ তাআলা আরও বলেছেন, ‘সুতরাং তুমি এতিমের প্রতি কঠোর হয়ো না। আর সাহায্যপ্রার্থীকে ধমক দিয়ো না।’ (সুরা দুহা, আয়াত: ৯-১০)
এ নির্দেশনার মাধ্যমে এতিম, দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সদয় আচরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কেউ সাহায্য চাইলে তাকে অপমান করা বা কঠোর কথা বলা উচিত নয়। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হলেও সুন্দর কথা, সহমর্মিতা ও আন্তরিক আচরণের মাধ্যমে তার পাশে দাঁড়ানো যায়।
সুরা দুহার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার প্রতিপালকের নেয়ামতের কথা প্রকাশ করো।’ (সুরা দুহা, আয়াত: ১১)
এই নির্দেশনা আমাদের শেখায়, আল্লাহর দেওয়া নেয়ামতের কথা স্মরণ করা এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। নিজের সম্পদ বা সাফল্য নিয়ে অহংকার না করে, বরং আল্লাহর অনুগ্রহ স্বীকার করতে হবে এবং তাঁর দেওয়া নেয়ামতগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে।
সুরা দুহার মূল শিক্ষা হলো, দুঃসময়ে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা, তাঁর নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা এবং অসহায় মানুষের প্রতি সদয় আচরণ করা। এই শিক্ষাগুলো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার ও সমাজে সুন্দর আচরণ গড়ে তুলতে সাহায্য করে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।