যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চুয়েটের শিক্ষার্থীদের বিশ্বজয়
‘মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬’-এ ওভারঅল এফিশিয়েন্সিতে চ্যাম্পিয়ন, আরও দুই বিভাগে পুরস্কার
- আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:১৪:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:১৪:০০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি—সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘চুয়েট সি’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬’-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় ‘ওভারঅল এফিশিয়েন্সি’ বিভাগে ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে সেরা হয়েছে দলটি। এ ছাড়া ইকোনমিক্যাল ডিজাইন বিভাগে দ্বিতীয় এবং ইকোলজিক্যাল ডিজাইন বিভাগে চতুর্থ পুরস্কার অর্জন করেছে তারা।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১১টি দেশের ৪০টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সিমেন্ট, বালু ও পানির মিশ্রণ নির্দিষ্ট ছাঁচে দ্রুত এবং সঠিকভাবে পূর্ণ করার চ্যালেঞ্জ ছিল। ‘এসিআই’ লেখা ছাঁচটি মাত্র ১২ সেকেন্ডে পূর্ণ করে চুয়েটের দলটি।
তবে শুধু দ্রুত কাজ শেষ করলেই চলত না। মিশ্রণটি পরিমাপক সিলিন্ডারে রেখে ২০ মিনিট পর পরীক্ষা করা হয়, পানি, বালু ও সিমেন্টজাতীয় উপাদান আলাদা হয়ে যাচ্ছে কি না। এ পরীক্ষাতেও সফল হয় ‘চুয়েট সি’। দুই ধরনের পরীক্ষায় দক্ষতা দেখিয়েই দলটি সামগ্রিকভাবে বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করে।
পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ক্লাস শুরুর সময় থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ তৈরি হয় চার শিক্ষার্থীর মধ্যে। এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্যদের যুক্তরাষ্ট্রে সরাসরি প্রতিযোগিতায় অংশ নেওয়ার উৎসাহ দিচ্ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, সুযোগ পেলে চুয়েটের শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবেন।
তাঁর সেই কথাই অনুপ্রাণিত করে পুরকৌশল বিভাগের চার শিক্ষার্থীকে। একদিন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতার খোঁজখবর নিতে শুরু করেন তাঁরা।
এ সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চুয়েটের একটি দলের চতুর্থ হওয়ার খবর তাঁদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। পরে তাঁরা জানতে পারেন, যুক্তরাষ্ট্রে পুরকৌশলবিষয়ক আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুয়েটের আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের মাধ্যমে সেখানে অংশ নেওয়ার সুযোগও ছিল।
এরপর শুরু হয় প্রস্তুতি। প্রতিযোগিতার নিয়মকানুন বোঝা, বিভিন্ন অনুপাতে উপকরণ মেশানো, পরীক্ষাগারে পরীক্ষা চালানো এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের তৈরি করেন তাঁরা। একপর্যায়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি দলের সঙ্গে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় চুয়েটের দলটি।
দলের চার উদ্যোক্তা সদস্য হলেন খন্দকার ফাহাদ আলম, সুমাইয়া বিনতে মান্নান, তানজিম মুশাররাত ও স্বরূপ চন্দ্র মোদক। তাঁদের সঙ্গে ছিলেন একই বিভাগের চতুর্থ বর্ষের সানিউল হক, রূপম পোদ্দার ও আমীর হামজা মাহমুদ এবং তৃতীয় বর্ষের মো. সাইজউদ্দিন ফরহাদ। দলের অন্য সদস্যদের প্রস্তুতিতে দেশে থেকে সহযোগিতা করেছেন তাঁরা। দলটির মেন্টর ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও চুয়েট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।