ডিজিটাল প্রযুক্তিতে মিলবে মক্কা-মদিনার ভিড়ের তথ্য
ইন্টার্যাকটিভ মানচিত্রে জানা যাবে চলাচলের পথ ও গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান
- আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:১৮:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:১৯:০৯ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড়ের সর্বশেষ পরিস্থিতি সরাসরি জানতে পারবেন ওমরাহযাত্রীরা। এ জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে দেশটি। এই সেবার মাধ্যমে তাওয়াফ ও সাঈ করার স্থানে ভিড়ের মাত্রা জানার পাশাপাশি দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, সুযোগ-সুবিধা ও চলাচলের পথ খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সেবার মাধ্যমে যেকোনো সময় দুই মসজিদের ভিড়ের পরিস্থিতি জানা যাবে। ফলে ওমরাহযাত্রীরা তুলনামূলক কম ভিড়ের সময়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করতে পারবেন। এতে মসজিদে প্রবেশ ও ভেতরে চলাচলের ক্ষেত্রেও সুবিধা হবে।
ডিজিটাল সেবাটিতে সরাসরি ভিড়ের চিত্র, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড়ের মাত্রা বোঝানোর বিভিন্ন নির্দেশক রয়েছে। বিশেষ করে পবিত্র কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথে ভিড়ের অবস্থা জানা যাবে। ফলে মসজিদে যাওয়ার আগেই যাত্রীরা পরিস্থিতি বুঝে নিজেদের কার্যক্রম সাজাতে পারবেন।
এ ছাড়া দুই পবিত্র মসজিদের জন্য একটি ইন্টার্যাকটিভ মানচিত্র তৈরি করা হয়েছে। এর সাহায্যে মুসল্লি ও দর্শনার্থীরা গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করতে, বিভিন্ন সুযোগ-সুবিধার অবস্থান জানতে এবং প্রয়োজন অনুযায়ী চলাচলের পথ বেছে নিতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য রয়েছে। মসজিদুল হারামের মানচিত্রে পবিত্র কাবা ঘর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়ার মতো স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে মসজিদে নববীর মানচিত্রে রয়েছে আল রওদাহ আশ শরিফা, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হুজরা, নামাজের মিহরাব ও মিম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান।
এ ছাড়া ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথের তথ্য যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা খুঁজে নিতে পারবেন। দ্রুত তথ্য পাওয়ার সুবিধার্থে রাখা হয়েছে ৬৫০টির বেশি কিউআর কোড। এসব কোড স্ক্যান করে বিভিন্ন স্থাপনা, সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টার্যাকটিভ মানচিত্রটি দুই পবিত্র মসজিদের ভেতরে স্থাপিত ছয়টির বেশি ডিজিটাল প্রদর্শনপর্দার সঙ্গে যুক্ত। ফলে দর্শনার্থীরা মসজিদে অবস্থান করেই এসব পর্দার মাধ্যমে বিভিন্ন স্থান ও চলাচলের পথ সম্পর্কে তথ্য পেতে পারবেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার বিষয়টিও এই ডিজিটাল ব্যবস্থায় গুরুত্ব পেয়েছে। তাঁদের চলাচলের উপযোগী স্থান ও পথ চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সবার জন্য প্রবেশ ও চলাচল সহজ করতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে হজ ও ওমরাহযাত্রীদের চলাচল সহজ করা, ভিড় ব্যবস্থাপনা উন্নত করা এবং দুই পবিত্র মসজিদে মুসল্লিদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।