ডেমরায় আগুনে পুড়ল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস
মেরামতের জন্য গ্যারেজে রাখা ‘নোঙর’ বাসে আগুন; পাশের বাসে ঝালাইয়ের সময় আগুনের সূত্রপাত, হতাহত নেই।
- আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:৩৪:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৩৪:৩৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানী ডেমরায় আগুনে পুড়ল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতকারী ‘নোঙর’ বাস। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
রবিবার দুপুরে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হাসান বলেন, গ্যারেজ কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সকালের দিকে গ্যারেজে বনশ্রী পরিবহন নামে একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওই সময় বাসে আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন পাশে থাকা ভার্সিটির বাসের ছাদে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, গ্যারেজ কর্মীরা আশপাশের লোকজনকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করেন এবং বাসটি গ্যারেজ থেকে বাইরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে বাসটির গেট বন্ধ থাকায় সেটি সরানো সম্ভব হয়নি।
এ বিষয়ে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এ ঘটনায় কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (শনিবার) আমরা বাসটি মেরামত করতে দিয়েছি। আজ সকালে আগুনের ঘটনা ঘটে। মেরামতের কাজে থাকায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলো না এবং কেউ হতাহত হয়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।