ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

ভূমি মন্ত্রণালয়ের মাঠকর্মীদের বদলিতে নতুন নির্দেশনা

একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির উদ্যোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৩:১৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৩:১৩:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
ভূমি মন্ত্রণালয়ের মাঠকর্মীদের বদলিতে নতুন নির্দেশনা ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
 

গত ১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
 

পরিপত্রে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। মাঠ পর্যায়ে এ সেবায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের সময়োপযোগী পদায়ন প্রয়োজন।
 

মন্ত্রণালয়ের মতে, একই কর্মস্থলে দীর্ঘ সময় দায়িত্ব পালন করলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল সরকারি কার্যক্রমে নিয়মিত বদলি এ ধরনের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।
 

এ কারণে বিদ্যমান সরকারি নীতি ও নির্দেশনার আলোকে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের সেখানে অবস্থান নিরুৎসাহিত করার কথা জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
 

নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করবেন। এরপর তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় একই কর্মস্থলে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

তবে তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলির প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যাবে।
 

পরিপত্রে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।