সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে হতাশ ঢাকা, চাওয়া হয়েছে ব্যাখ্যা
তথ্য আদান-প্রদান ও কূটনৈতিক প্রক্রিয়ায় ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
- আপলোড সময় : ২০-১০-২০২৬ ১২:৪২:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১০-২০২৬ ১২:৪২:৫১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি সংগৃহীত
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় তথ্য আদান-প্রদান ও কূটনৈতিক যোগাযোগের প্রক্রিয়ায় ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি স্পষ্ট করতে সৌদি কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও তথ্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের এবং বিশেষ করে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা সনদে স্বাক্ষরকারী দেশ। এমন পরিস্থিতিতে তথ্য বিনিময়ে ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।
মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় হতাশা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, অভিযোগের ভিত্তিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশের জন্য দুঃখজনক। মক্কায় যাওয়ার উদ্দেশ্য মানুষের পবিত্র নিয়তের সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, প্রকাশিত খবরের তথ্য সঠিক হলে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রায় কার্যকর হয়ে যাওয়ায় এখন সে সুযোগ নেই। বরং তথ্য ও প্রক্রিয়াগত ঘাটতি কোথায় ছিল, তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কোনো বাংলাদেশি বিদেশে আটক হলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশকে তা জানানোর প্রত্যাশা রয়েছে। একইভাবে বাংলাদেশে কোনো সৌদি নাগরিক অপরাধে জড়ালে সৌদি কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি কনস্যুলার সেবা পাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর প্রকাশের পর ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর রোববার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চাওয়া হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।