ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ডলার মূল্যের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করেছে দেশটির পররাষ্ট্র দফতর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত অস্ত্র সরবরাহের মাধ্যমে আঞ্চলিক বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে দেশটির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি মার্কিন বাহিনী ও পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সৌদি ব্যবস্থার পারস্পরিক কার্যক্ষমতা উন্নত করার লক্ষ্য রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর আরও বলেছে, ন্যাটোর সদস্য নয়—এমন একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর মাধ্যমে প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ভ্রমণ সতর্কতাতেও সৌদি আরবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্ত্র সরবরাহকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হওয়ার ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।