পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারে ইমন খাঁসহ পাঁচ জেলে মাছ ধরতে নদীতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে তারা জাল ফেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন।
পরে আহতদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইমন খাঁ ও শাকিব শিকদারকে মৃত ঘোষণা করেন।
সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে তাদের মৃত্যু নিশ্চিত হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।