চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সিপির মোড়ে সিএনজি থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে মোহাম্মদ হোসেন ও চালক সাইফুল ইসলাম আহত হন।
আহতদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মোহাম্মদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক নুর নবী রাহাত বলেন, মোহাম্মদ হোসেনের অবস্থা ক্রিটিক্যাল ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালক শাহীন আলমকে আটক করা হয়েছে। বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।