নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার সঙ্গে অনিক ও সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার হকার্স মার্কেটের পেছনের সড়ক থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ সদর থানার গলাচিপা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শুভর বাবা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেফতাররা হলেন আমলাপাড়া মাদরাসাপাড়া এলাকার মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), আমলাপাড়ার ২১ নম্বর কেবি সাহা বাইলেন এলাকার সিয়াম আহমেদ সিজান (২১) এবং একই এলাকার মো. সোহান (২৪)।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে জানা গেছে, অনিক ও সুমন শুভকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ১০টি ইয়াবার বিনিময়ে শুভর সহযোগী সোহানকে দিয়ে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।
পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল শুভকে ঘিরে ফেলে। পুলিশের দাবি, এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করেন এবং দলের অন্য সদস্যরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এ ঘটনায় একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিবি পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অনিক, অহিদসহ অন্য সহযোগীদের গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে।