যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে এসব জাহাজে হামলা চালানো হয়।
মার্কিন বাহিনীর দাবি, হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যেতে বলা হয়েছিল। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে আইআরজিসি গত দুই দিনে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলেও জানিয়েছে ওয়াশিংটন। তবে হামলা এড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজটি নিরাপদে টহল অব্যাহত রাখে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
এদিকে এর জবাবে জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, কুয়েত ও বাহরাইনের বন্দরসংলগ্ন এলাকায় অবস্থানরত তেলবাহী জাহাজের ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ওই অঞ্চলের জাহাজগুলোতেও হামলা হতে পারে বলে হুমকি দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার চেষ্টা কোনোভাবেই জবাবহীন থাকবে না। ইরান যতবার মার্কিন নৌযানে হামলার চেষ্টা করবে, ততবার তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে।