আসন্ন ইহুদি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)। এর অংশ হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
রোববার প্রকাশিত সতর্কবার্তায় এনএসসি জানায়, আসন্ন কয়েকটি ইহুদি ধর্মীয় দিবসকে ঘিরে বিদেশে অবস্থানরত ইসরায়েলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার আশঙ্কা আগের তুলনায় বেড়েছে। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি। পাশাপাশি আফ্রিকা মহাদেশে ইয়েমেনভিত্তিক হুতিরা ইসরায়েলিদের ওপর হামলার হুমকি দিয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের নিরাপত্তা সংস্থাটি বলেছে, ইরানের আশপাশের দেশগুলো ইসরায়েলি নাগরিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘাতের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও সহিংসতার ঘটনা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে এনএসসি।
এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর—সিনাই উপত্যকাসহ—ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি সেখানে অবস্থানরত ইসরায়েলিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান ট্রানজিটের ক্ষেত্রে এসব দেশের বিমানবন্দর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনগতভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে এনএসসি। এসব নিষেধাজ্ঞা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এ তালিকার পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এসব দেশে নতুন করে ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। দেশ দুটির মধ্যে ইসরায়েলি নাগরিকদের নিয়মিত যাতায়াতও নেই। এর পরও ইসরায়েলের বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। এনএসসির এই সতর্কতা মূলত বিদেশে অবস্থানরত ইসরায়েলি ও ইহুদিদের সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা
ধর্মীয় উৎসব ঘিরে বিদেশে ইসরায়েলি ও ইহুদিদের ওপর হামলার ঝুঁকি বাড়ার আশঙ্কা ইসরায়েলের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১০:৩০:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১০:৩০:২৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর