দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রুমি আক্তার নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার প্রবাসফেরত স্বামী মাহমুদুল হাসান ও তাদের দুই সন্তান আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্বামী ও দুই সন্তানকে নিয়ে একটি দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুমি। জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই সড়কে ছিটকে পড়েন।
এ সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক রুমি আক্তারকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত রুমি আক্তার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার মাহমুদুল হাসানের স্ত্রী।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।