দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। তিনি বলেন, কার্যক্রম শুরুর প্রথম দিন থার্ড টার্মিনাল দিয়ে ২০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে।
মন্ত্রী জানান, নতুন এই টার্মিনাল থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। পাশাপাশি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ৫০ শতাংশ এককভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে।
থার্ড টার্মিনালের কার্যক্রম ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে বিমানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।
থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে অনুমোদন করা হয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের অর্থায়নে সরকারি তহবিল থেকে ৫ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ঋণ থেকে সরবরাহ করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০২৪ সালের মধ্যে এটি পুরোপুরি চালুর লক্ষ্যমাত্রা থাকলেও বিভিন্ন কারিগরি জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হলে দেশের বিমান পরিবহন খাতে এর সক্ষমতা ও সেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।