ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ

সরকারের ভুল-ত্রুটিতে বিরোধী দলের দায় নেই: শফিকুর রহমান

আইনশৃঙ্খলা, দুর্নীতি ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সরকারের সমালোচনা শফিকুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৩:০১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৩:৪০:২৮ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
সরকারের ভুল-ত্রুটিতে বিরোধী দলের দায় নেই: শফিকুর রহমান ছবি: সংগৃহীত

সরকারের ভুল-ত্রুটির দায় বিরোধী দলের ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জনকল্যাণে কাজ করলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে অনিয়ম ও ভুলের সমালোচনা করতেও পিছপা হবে না।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনিক নিরপেক্ষতা, গণমাধ্যম, প্রবাসীদের সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জামায়াত আমির।


ডা. শফিকুর রহমান বলেন, দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও বিরোধী দল নীরব থাকতে পারে না। সরকারের সব সিদ্ধান্তে সমর্থন দেওয়া কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করা—কোনোটিই তাদের অবস্থান নয়। রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাসীনদের সব কাজ ইতিবাচক এবং বিরোধীদের সব কর্মকাণ্ড নেতিবাচকভাবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, পুলিশের মধ্যে দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা থাকলেও সার্বিক পরিস্থিতির উন্নতি প্রয়োজন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও মনোযোগ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।


জেলা পরিষদে দায়িত্ব বণ্টন এবং সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ঘিরে দলীয়করণের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রশাসনিক দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে সাময়িকভাবে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেত কি না, তা জানতে চান তিনি।


দুর্নীতি ও চাঁদাবাজিকে রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। জনপ্রতিনিধি বা মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে যথাযথ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে পদমর্যাদা বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেনি। বহিষ্কারের পর তাঁর সঙ্গে দলের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানান তিনি।


দেশের অনিয়ম ও বিভিন্ন ঘটনা জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির। অতীতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা ছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি। সাংবাদিকদের সাহসী, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার কথা বলেন।


বাংলাদেশকে সব নাগরিকের দেশ উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও বৈচিত্র্যপূর্ণ সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকলে সবাই উপকৃত হবে। রাজনৈতিক দলগুলোর মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।


সৌদি আরবের কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি বন্দী থাকার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দেশটির আইন অনুযায়ী তাঁদের বিচার হবে। তবে বন্দীরা ন্যায়বিচার পাচ্ছেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের খোঁজখবর রাখা প্রয়োজন।


প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের আরও সক্রিয় ভূমিকা চান জামায়াত আমির। বিমানবন্দরে লাগেজ পেতে আগের তুলনায় সময় কম লাগার বিষয়টি উল্লেখ করে প্রবাসীদের আন্দোলনের সফলতার কথাও তুলে ধরেন তিনি।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান জানান, তাঁদের দল জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে না। ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


মতবিনিময় সভায় দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন, প্রশাসনিক নিরপেক্ষতা, জবাবদিহি ও জনগণের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন জামায়াতে ইসলামীর আমির।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।