সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী
হিরণ পয়েন্টের পরিবেশ পর্যবেক্ষণের পর মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি
- আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৩:৪৩:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৩:৪৩:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি: সংগৃহীত
সুন্দরবনের পরিবেশ, মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনভর কর্মসূচি শেষে বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সকালে হেলিকপ্টারে করে সুন্দরবন ও হিরণ পয়েন্টের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে অবতরণ করলে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা তাঁকে স্বাগত জানান।
সেখান থেকে নলিয়ান লঞ্চঘাট হয়ে জলপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী নৌযানটি বাংলাদেশ নৌবাহিনীর মোংলা জেটিতে পৌঁছায়।
মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোংলা বন্দরের কার্যক্রম এবং সাড়ে ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এসব পরিদর্শনে বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ ও মোংলা এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচি শেষে বিকেল ৫টায় মোংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা করছেন, এ সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।