চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়। তবে পুলিশের দাবি, ভিডিওতে দেখা মিছিলটি বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে ‘হাটহাজারী উপজেলা ছাত্রলীগ’ লেখা ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় মিছিল করতে দেখা যায় কয়েকজনকে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
ভিডিওতে দাবি করা হয়েছে, উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের নির্দেশে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ হাকিব নয়ন মিছিলটির নেতৃত্ব দেন। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঢাকা মেইলকে বলেন, মিছিলটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হয়েছে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করা হয়েছে।