২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওই তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের জন্য কোটা নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের এই প্রক্রিয়া শেষ করতে হবে। নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম শুরু হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে।
হজের নিবন্ধন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।