মাদ্রাসার বিতর্কিত ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
ইমামদের খুতবায় হালাল-হারামের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান
- আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:৫০:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:৫০:৫৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি: সংগৃহীত
মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনায় দুঃখ ও লজ্জা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে জুমার খুতবায় শরিয়তের আলোকে হালাল-হারামের বিষয়গুলো তুলে ধরে মানুষকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, তিনি ইমামদের খুতবায় এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়েছেন। শরিয়তের নির্দেশনা অনুযায়ী কোনটি হালাল এবং কোনটি হারাম, তা ব্যাখ্যা করে মানুষকে সচেতন করার ক্ষেত্রে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
ধর্মমন্ত্রী বলেন, এসব ঘটনা প্রতিরোধে সরকার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সচেতন। এ ধরনের ঘটনা থেকে নিজেদের পাশাপাশি জনগণকেও সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে তিনি অবগত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, চিকিৎসার জন্য কিছুদিন দেশের বাইরে থাকায় সেখানে অবস্থানকালে ঘটনাগুলোর বিষয়ে কিছুটা জেনেছেন। দেশে ফেরার পর এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পেরেছেন।
ঘটনাগুলোকে দুঃখজনক ও লজ্জাস্কর উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি বিশ্বাস করেন। এ জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।