টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরসহ বিভিন্ন জেলার নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
তবে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও ধীরগতিতে উন্নতি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।
উত্তর-পূর্বাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানি আরও বাড়তে পারে। কোথাও কোথাও এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।
এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী নিচু এলাকাতেও নতুন করে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমা পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে এসব জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।