ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩,৮৮৯, উদ্ধার অভিযান অব্যাহত

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৯:২০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৯:২০:২১ অপরাহ্ন

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
 

শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার অভিযান শুরুর পর এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়।
 

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশজুড়ে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৭ হাজার ৯০৭ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অন্যদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য উঠে এসেছে।
 

এদিকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য বিরোধী রাজনৈতিক দলের চালু করা একটি ওয়েবসাইটে প্রায় ৫০ হাজার মানুষের নিখোঁজ থাকার তথ্য স্বজনরা নিবন্ধন করেছেন। যদিও এ সংখ্যা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
 

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামোগত বিপর্যয়ের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় স্বজনরাই নিজেদের উদ্যোগে শাবল, হাতুড়ি ও কোদাল দিয়ে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন।
 

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তায় ব্রাজিল, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, এল সালভাদর, কিউবা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘের অনুসন্ধান ও উদ্ধারকারী দল সহায়তা পাঠিয়েছে। একই সঙ্গে তিনি বিদেশে জব্দ থাকা ভেনেজুয়েলার তহবিল ছাড়ের আহ্বান জানিয়েছেন, যাতে দুর্যোগ মোকাবিলার কার্যক্রম আরও জোরদার করা যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]