আমেরিকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভারতীয় সফটওয়্যার প্রকৌশলী গ্রেপ্তার: প্রেমিকার কাছে পাঠিয়েছিলেন লাশের ছবি!

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৯:০২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৯:০৯:৪৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভারতীয় এক সফটওয়্যার প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় নয় মাস পর তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।

বেলভিউ পুলিশের তথ্যমতে, অভিযুক্ত অবিনাশ নার্নে (৩০) গত বছরের ২৭ অক্টোবর তার স্ত্রী রাজিথা সাব্বিনেনি (২৭)-কে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন বলে অভিযোগ তদন্তকারীদের।

ঘটনার দিন অবিনাশ পুলিশকে জানান, তার স্ত্রী বাথরুমে আটকে আছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রাজিথার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে অবিনাশ দাবি করেন, তিনি প্রায় ৪০ মিনিটের জন্য কেনাকাটায় বাইরে ছিলেন। ফিরে এসে স্ত্রীকে বাথরুমে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন। তবে তদন্তে ওই সময়ে অন্য কোনো ব্যক্তির বাসায় প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি।

পরে কিং কাউন্টির মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানায়, অক্সিজেনের অভাবে শ্বাসরোধে রাজিথার মৃত্যু হয়েছে এবং ঘটনাটি হত্যাকাণ্ড।

তদন্তে আরও জানা যায়, ভারতের এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে অবিনাশের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক চলমান অবস্থাতেই তিনি ২০২৫ সালের জুনে পারিবারিকভাবে রাজিথাকে বিয়ে করেন। তদন্তকারীদের দাবি, ওই নারী বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এবং বিয়ের পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের দিন অবিনাশ অন্তত চারবার তার প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেন। এছাড়া স্ত্রীকে হত্যার পর তার মরদেহের একটি ছবিও প্রেমিকার কাছে পাঠিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীরা আরও জানান, রাজিথার মোবাইল ফোনে পাওয়া বার্তাগুলোতে তিনি কয়েকবার স্বামীকে অভিযোগ করেছিলেন, তার দেওয়া পানীয়ের স্বাদ অস্বাভাবিকভাবে তেতো ছিল। মৃত্যুর দিন পাঠানো একটি বার্তায় তিনি লিখেছিলেন, স্মুদিটির স্বাদ ওষুধ ও কাশির সিরাপের মতো লাগছে।

গত ৫ জুলাই অবিনাশ নার্নের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি ৫০ লাখ মার্কিন ডলার জামিন নির্ধারণ করে পুলিশি হেফাজতে রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]