ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদীর পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:১৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:১৭:০০ অপরাহ্ন
ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ পর্যালোচনার ভিত্তিতে প্রতিষ্ঠানটির দায়িত্ব তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।


পোস্টে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী জীবদ্দশায় ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে শাহাদাতের আগে সেই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেননি।

তিনি জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই ইনকিলাব কালচারাল সেন্টারকে ‘জনতার আমানত’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে গত ছয় মাস ধরে শহীদ ওসমান হাদীর শাহাদাত-পরবর্তী ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রম চালু ও সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়, যার কিছু এখনো চলমান রয়েছে। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদীর প্রতি সম্মান এবং তাঁর ওয়ারিশদের দাবিকে গুরুত্ব দিয়ে সব ধরনের দলিল-দস্তাবেজ যাচাই-বাছাই শেষে ইনকিলাব কালচারাল সেন্টার তাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে যারা তার ওপর আস্থা রেখেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আর্থিক হিসাব-নিকাশ প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ‘ঢাকা-৮’ এবং ইনকিলাব কালচারাল সেন্টার-সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকায় ওই অংশের আর্থিক বিবরণী এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে তার দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব হিসাব দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

পোস্টের শেষাংশে তিনি শহীদ ওসমান হাদীর রেখে যাওয়া ইনসাফের সংগ্রাম ও সাংস্কৃতিক বিপ্লবের আদর্শ এগিয়ে নিতে সবার দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে তার পথচলা এখানেই সমাপ্ত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]