ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে এখনো নিখোঁজ হাজারো মানুষ

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০২:৫৯:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৩:২৮:১৪ পূর্বাহ্ন
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার (৬ জুলাই) দেশটির সরকারের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৫ জনে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ জুন দেশটিতে এই জোড়া ভূমিকম্প আঘাত হানে। সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ হাজার ৭০০-এর বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় শহর লা গুয়াইরার বিশাল বিশাল আবাসিক এলাকা আক্ষরিক অর্থেই মাটির সঙ্গে মিশে গেছে। সেখানকার শত শত ঘরবাড়ি ও স্থাপনা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দুর্যোগের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও স্বস্তি ফেরেনি। সরকারি সূত্রগুলো বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করা ভেনেজুয়েলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে শহরগুলোকে আগের অবস্থায় ফেরাতে দীর্ঘ সময়ের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]