পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন, তদন্তে মৎস্য বিভাগ

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১২:১৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:১৯:৫৮ অপরাহ্ন
 

চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকায় একটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ৪ লাখ টাকার মাছের পোনা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) রাতে ঘটনাটি ঘটে এবং সোমবার সকালে পুকুরজুড়ে মৃত পোনা ভাসতে দেখা যায়।
 

ভুক্তভোগী শওকত আকবর মুন্না চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরে মাছের পোনা উৎপাদন ও সরবরাহের ব্যবসা করে আসছেন। আনোয়ারার একটি বড় দিঘিতে সরবরাহের জন্য বিভিন্ন প্রজাতির পোনা এনে পুকুরে সংরক্ষণ করেছিলেন তিনি। রোববার রাতে কয়েকটি মাছ ভেসে উঠতে দেখে অক্সিজেনের ঘাটতি মনে করে ব্যবস্থা নেন। কিন্তু সকালে গিয়ে দেখেন পুরো পুকুরে মাছের পোনা মৃত। তিনি বলেন, দীর্ঘদিনের কষ্টের অর্জন এক রাতেই শেষ হয়ে গেছে এবং সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও ক্ষয়ক্ষতিতে সহযোগিতা চেয়েছেন প্রশাসনের কাছে।
 

পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুকুরের পানির নমুনা ও মৃত মাছ পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। বিষ প্রয়োগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থায় সহযোগিতা করা হবে। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, অভিযোগ পেলে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং পরিকল্পিত বিষ প্রয়োগের প্রমাণ মিললে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]