প্রথমবারের মতো গবেষণাগারে তৈরি হলো ‘কৃত্রিম’ প্রাণ, অবাক বিজ্ঞানীরা

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন
রসায়নের কিছু নিষ্প্রাণ উপাদান একসাথে মেশানো হলো। আর হঠাৎ করেই সেগুলো জ্যান্ত হয়ে উঠল! ঠিক যেন জাদুর মতো। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো গবেষণাগারে মানুষের তৈরি ডিএনএ দিয়ে সম্পূর্ণ শূন্য থেকে একটি জীবন্ত কোষ তৈরি করেছেন বিজ্ঞানীরা।
 
এই অবিশ্বাস্য কাজটি করেছেন ইউনিভার্সিটি অব মিনেসোটার বিজ্ঞানী কেট আদামালা ও তার দল। তারা এই কৃত্রিম কোষের নাম দিয়েছেন ‘স্পাডসেল’ (SpudCell)। নিষ্প্রাণ অণুগুলোকে একটি কৃত্রিম আবরণে ঢোকানোর পর বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন, সেটি একেবারে জীবন্ত প্রাণীর মতো আচরণ করছে! এটি নিজে নিজে খাচ্ছে এবং বংশবৃদ্ধি করছে।
 
বিজ্ঞানী কেট বলেন, এটি আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর কাজ। একটি প্রাণের বেড়ে ওঠার জন্য যে কোনো জাদুকরী শক্তির দরকার নেই, তা আজ প্রমাণিত। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার চিকিৎসাবিজ্ঞান ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
 
মানুষের বিশাল জিনের তুলনায় এই কৃত্রিম কোষের জিন অনেক ছোট। স্মার্টফোনের অ্যাপের মতো এর কাজগুলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটি পুষ্টিভর্তি ছোট ছোট বুদবুদ থেকে খাবার সংগ্রহ করে। আর ভেতরে বিশেষ প্রোটিনের চাপ তৈরি করে কোষটি নিজে নিজেই ভেঙে গিয়ে দুটি নতুন কোষে পরিণত হয়।
 
গবেষণাটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জার্নালে প্রকাশিত হয়নি। তবে ‘বায়োটিক’ নামের একটি ওয়েবসাইটে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। শীঘ্রই এটি প্রকাশের জন্য জমা দেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]