যশোরের বাঘারপাড়ায় মহাসড়ক পার হওয়া একটি বনবিড়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে মহব্বত হোসেন (২৮) নামের এক যুবকের। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে নয়টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় অন্য গাড়ির চাপায় পিষ্ট হয়ে বনবিড়ালটিরও মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকার খালার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এক সহকর্মীসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহব্বত। গাইদঘাট এলাকায় পৌঁছালে একটি বনবিড়াল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে আঘাত করে। পুলিশের সহায়তায় মহব্বতকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান তার ফুসফুস ফেটে গেছে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছালে তার মৃত্যু হয়।
নিহত মহব্বত যশোর সদরের ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের ছেলে। খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে তার ফার্নিচারের ব্যবসা ছিল। ঘটনাস্থলে বনবিড়ালটির মরদেহ ও ফার্নিচার তৈরির সরঞ্জামভর্তি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।