জামালপুরে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জের সিভিল জজ নুসরাত জেরিন জেনি।
বিচারক আহমাদুল কবির সাকিল জানান, মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হওয়ার পর রাত আটটার দিকে ফিরে এসে দরজার তালা খুলতে পারছিলেন না। মিস্ত্রি ডেকে তালা না খুলতে পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্তরা দরজা আটকে রেখেছে। রাত নয়টার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায় জানালার গ্রিল কাটা, আসবাবপত্র খোলা এবং ঘরের সব জিনিসপত্র এলোমেলো।
বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, তিন তলা পাঁচ ইউনিটের এই বাড়িতে এই প্রথম চুরির ঘটনা ঘটলো। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও তা কাজ করছে না বলে জানান তিনি এবং ধারণা করেন দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ক্যামেরা বিকল করে চুরি চালিয়েছে। জামালপুর সদর থানার তদন্ত পরিদর্শক নুর মোহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা প্রক্রিয়াধীন।